বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখ ঘিরে ইলিশ যেনো সোনার হরিণ

জিটি রিপোর্ট

প্রকাশ:

পয়লা বৈশাখ ঘিরে ইলিশের দাম আকাশছোঁয়া
পয়লা বৈশাখ ঘিরে ইলিশের দাম আকাশছোঁয়া|ছবি: সংগৃহীত

রাত পোহালেই পয়লা বৈশাখ। তার আগে সোমবার (১৩ এপ্রিল) চৈত্রসংক্রান্তিতে চলে বর্ষবরণের প্রস্তুতি। বৈশাখের উৎসবে বাঙালির অন্যতম ঐতিহ্য পান্তা-ইলিশ। তবে এবার বৈশাখের আনন্দে বাধা হয়ে এসেছে ইলিশের দাম। বৈশাখের তাপ যেনো ইলিশের বাজারেও।

পয়লা বৈশাখ ঘিরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুর মাছের আড়তে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদার কারণে পাইকারি থেকে খুচরা বাজার সব জায়গাতেই ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিভিন্ন বাজারেও দেখা যায়, অস্বাভাবিক পরিস্থিতি। এসব বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৬০০ টাকায়।

মাছ ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের সংকটের কারণে অনেক জেলে সাগরে যেতে পারছেন না। এর ফলে মাছ আহরণ কমে গেছে। এছাড়া ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা ও পয়লা বৈশাখ উপলক্ষে বাড়তি চাহিদা সব মিলিয়ে সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে ।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে রাতে প্রবেশে নিষেধাজ্ঞা, পয়লা বৈশাখে একগুচ্ছ নির্দেশনা

এদিকে ঢাকাসহ দেশের নানা অঞ্চলে ইলিশের কথা বলে ক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে সার্ডিন এমন তথ্যও পাওয়া গেছে। সামুদ্রিক মাছ সার্ডিন কোথাও বিক্রি হয়েছে চন্দনা ইলিশ নামে। অবিকল ইলিশের মতো দেখতে মাছটি আসে মিয়ানমার থেকে।

আকারে তুলনামূলক ছোটো ও ইলিশের তুলনায় কম উজ্জ্বল সার্ডিন যে ইলিশ নয় তা অনেকের চোখে ধরা পড়ে না।

বাজারে পয়লা বৈশাখ ঘিরে ইলিশের দাম আকাশছোঁয়া। তবু বাঙালির চেষ্টা থাকে বৈশাখে পান্তা-ইলিশের ঐতিহ্য ধরে রাখার।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!