দেশের উপকূলীয় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আগামী ৩৬ ঘণ্টায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। রবিবার রাত ৮টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে এমন আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে।
রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানায়।
বিডব্লিউওটি জানায়, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, যশোর, মাগুরা, ফরিদপুর এবং পার্শ্ববর্তী এলাকায় দফায় দফায় স্বল্পস্থায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও, বিশেষ করে কলকাতা ও দীঘার আশপাশে, একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে উপকূলের বেশ কিছু এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে।
আরও পড়ুন: নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে নিখোঁজ ২ হাজার ৪০০ জনের বেশি
আবহাওয়ার এই সতর্কবার্তায় সংস্থাটি জানায়, উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়াসহ মাঝারি থেকে বেশ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টি একটানা বা দীর্ঘস্থায়ী হবে না। মেঘমালার অবস্থানের কারণে কোনো কোনো স্থানে বৃষ্টিপাত খুব কম হতে পারে বা নাও হতে পারে। আবার কোথাও হঠাৎ করে ভারী বৃষ্টিপাতও হতে পারে।
শুধু উপকূলীয় অঞ্চল নয়, এর বাইরেও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই গতিপ্রকৃতির কারণে সাধারণ মানুষকে সতর্কভাবে চলাচল করতে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

