পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সংস্থাটি জানায়, ঈদের আগের রাত থেকেই উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী দেশের ভেতরে প্রবেশ করতে পারে। এর প্রভাবে ঈদের দিন সকালে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা বেশি।
পূর্বাভাসে বলা হয়েছে, ভোর থেকে দুপুরের মধ্যে ঝড়টি রংপুর ও রাজশাহী অতিক্রম করে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। পরবর্তী সময়ে দুপুর নাগাদ এটি চট্টগ্রাম অঞ্চলেও প্রভাব ফেলতে পারে। এমনকি বিকেলের দিকে আবারও নতুন করে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে সারাদিন আবহাওয়া অস্থিতিশীল থাকতে পারে।
ঈদের আগের দিন (শুক্রবার) সকাল পর্যন্ত আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকেই পরিবর্তন শুরু হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় কালবৈশাখীসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে ঈদের পরের দিন থেকে আবহাওয়ার কিছুটা উন্নতির ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। উপকূলীয় এলাকায় ভোরের দিকে হালকা বৃষ্টি থাকলেও দিনের বেলায় দেশের বেশির ভাগ স্থানে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।
আবহাওয়াবিদেরা পরামর্শ দিয়েছেন, ঈদের জামাত খোলা স্থানে আয়োজনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখতে।

