জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, “পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে, আর তারা গণপিটুনির শিকার হবে।”
সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কমিটি
আওয়ামী লীগকে ইঙ্গিত করে হাসনাত আবদুল্লাহ বলেন, “একটি বৃহৎ দাবিদার দলকে ট্যাংক, গোলাবারুদ, পার্শ্ববর্তী বিদেশি শক্তি কিংবা অর্থ—কোনো কিছুই টিকিয়ে রাখতে পারেনি। তারা এখন টেলিগ্রামলীগে পরিণত হয়েছে।”
সমাবেশে তিনি শিক্ষামন্ত্রীরও সমালোচনা করেন। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমাদ।
আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষে এনসিপির গাড়িবহর মেহেরপুরের গাংনীতে পৌঁছায়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সমাবেশ শেষ করে তারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়।
এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি সংবলিত কুশপুত্তলিকা প্রদর্শন এবং দুপুরে সমাবেশস্থলের কাছ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

