বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে।’ মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে। আজ হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। পাথর ছুড়ে মানুষ হত্যা, অভ্যন্তরীণ কোন্দলে নিজ দলের তিন শতাধিক কর্মী নিহত হওয়া এবং লাগামহীন চাঁদাবাজিতে জনজীবন বিষাক্ত হয়ে উঠেছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা এমন রাজনীতি চাই না।’
আরও পড়ুন: ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কমিটি
তিনি আরও বলেন, ‘এসব ঘটনার বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীরও অন্যান্য বিষয়ে মনোযোগ না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। অন্যথায় ক্ষমতার মসনদ বিষাদে পরিণত হতে পারে।’

