এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ভাতা ধীরে ধীরে বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে অনেক দাবি পূরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করা হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'দুর্যোগ ব্যবস্থাপনায়' মাস্টার্সে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সম্মেলনে সভাপতিত্ব করেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, শিক্ষকদের অনেক দাবি দীর্ঘদিনের—কোনোটির বয়স ৩০, ৪০ কিংবা ৫০ বছর। এসব দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে ধাপে ধাপে অনেক দাবি পূরণ হয়েছে। বর্তমানে শিক্ষকরা সরকারি চাকরিজীবীদের আদলে শতভাগ বেসিক বেতন পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, অন্যান্য ভাতার ক্ষেত্রে এখনো শতভাগ সুবিধা পাওয়া যাচ্ছে না। কোনো ভাতা ২০ শতাংশ, কোনোটি ৩০ শতাংশ আবার কোনোটি ৫০ শতাংশ হারে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে শিক্ষকদের অন্যান্য দাবিও পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভাষা কোর্সে ভর্তি, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত
রিজভী আরও বলেন, শিক্ষকেরা সব সময়ই বঞ্চিত ছিলেন—বিষয়টি এমন নয়। তাদের দাবি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে অনেক দাবি মেনে নেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে তারা মোটামুটি একটি অবস্থানে দাঁড়াতে পেরেছেন। পাশাপাশি শিক্ষকদের অন্যান্য ন্যায্য দাবিও বিবেচনায় নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের বিষয়েও আশ্বাস দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জাতীয়করণ হবে, তবে এর জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা খালেদা জিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলেও মন্তব্য করেন তিনি।

