সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে আয়োজিত সমাবেশে ককটেল হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৭ জুলাই) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, সোমবার (৬ জুলাই) রাতে সাভারের ঈদগাহ মাঠে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত ককটেল হামলা ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা দাবি করেন, এ ধরনের ঘটনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এনসিপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে প্রকাশ্যে এ ধরনের হামলার ঘটনাকে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
হামলায় আহতদের প্রতি সমবেদনা জানিয়ে ছাত্রশিবিরের নেতারা বলেন, আহতদের মধ্যে একজন ‘জুলাই শহীদের’ পিতাও রয়েছেন। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। তবে পূর্বঘোষিত একটি রাজনৈতিক কর্মসূচিতে এমন হামলার ঘটনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়টি সামনে এনেছে বলে সংগঠনটির দাবি।
ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, দেশে রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে সহিংসতার আশ্রয় নেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও এর নেপথ্যে থাকা সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

