২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের লাইভ স্ট্রিম শেয়ার করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ ঘটনার পর সাকিবের মাগুরার বাড়িতে হামলা ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত তার বাড়িতে এ হামলা হয়।
কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলায় বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে পেট্রলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।

