গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)|ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নেতারা এসব দাবি জানান।

এনসিপির সদস্যসচিব ও সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান আখতার হোসেন বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশিত পরিবর্তনগুলো এখনো বাস্তবায়িত হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হলে এত দিনে সাংবিধানিক পরিবর্তন নিয়ে আলোচনা ও সমাধানের পথে অনেক দূর এগোনো সম্ভব হতো।

আরও পড়ুন: কক্সবাজার রিসোর্টে ভয়াবহ আগুন: তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যু

গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার সেই রায় বাস্তবায়নের পরিবর্তে নানা টালবাহানার আশ্রয় নিচ্ছে। গণভোটে উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে কোনটি দেশের বা জনগণের জন্য ক্ষতিকর, তা বিএনপি এখনো স্পষ্টভাবে তুলে ধরতে পারেনি।

আখতার হোসেন আরও বলেন, অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে তাঁরা অক্ষরে অক্ষরে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছেন। গণভোটের রায় অস্বীকার করে সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা সাংবিধানিক সংকটের সমাধান করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি ওই কমিটিতে অংশ নেবে না জানিয়ে আখতার হোসেন বলেন, সরকারকে কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, নির্বাচনের আগে বিএনপি সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। একই সঙ্গে দলটি জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। কিন্তু বাস্তবে তাদের অবস্থান ও পদক্ষেপের মধ্যে বড় ধরনের অসংগতি দেখা যাচ্ছে।

আরও পড়ুন: এআইয়ের প্রভাবে কমছে নতুন স্নাতকদের চাকরির সুযোগ

তিনি বলেন, গণভোট অনুষ্ঠিত হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে নতুন করে অস্পষ্টতা তৈরির সুযোগ নেই। গণভোটে উত্থাপিত চারটি প্রশ্নের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্টভাবে নির্ধারিত রয়েছে।

সারোয়ার তুষারের দাবি, গণভোটের রায় বাস্তবায়ন করা হলে জুলাই সনদ বাস্তবায়নের পথও উন্মুক্ত হবে। তাই শুধু জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে গণভোটের রায় কার্যকর করার বিষয়টি পাশ কাটানোর চেষ্টা মূল বিষয় থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার শামিল।

বিএনপির বিরুদ্ধে দেশের রাজনৈতিক ইতিহাসকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন থেকে শুরু করার প্রবণতার অভিযোগ তুলে সারোয়ার তুষার বলেন, ওই নির্বাচনের আগে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠনের মাধ্যমে একটি দীর্ঘ রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!