ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদ্দিন’ উঠিয়ে নেওয়ার পরই একপর্যায়ে পরাজিত হয়েছে। কারণ, জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত।
বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে দলটির কুমিল্লা জেলা উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
রেজাউল করীম বলেন, বিভিন্ন সময় জামায়াত বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে—এটা আমাদের সামনে পরিষ্কার। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সঙ্গে, আবার বিএনপির সময় বিএনপির সঙ্গে, আবার অন্যদের সঙ্গে। এরপরও তারা কোন চেতনা নিয়ে কাজ করত? চেতনাটা ছিল ইসলাম। কিন্তু যখন লোগো থেকে ইসলামকে উঠিয়ে ফেলেছে, এখন আর তাদের কোনো দ্বিতীয় চেতনা আমার জানা নেই।
তিনি আরও বলেন, ‘অন্যান্য যে ইসলামী দল রয়েছে, যারা তাদের সঙ্গে সম্পৃক্ততা রাখে, তারাও এখন ইসলাম হিসেবে আমাদের সামনে পরিচয় দেওয়ার নৈতিক ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। কারণ জামায়াত পরিষ্কার বলেছিল, তারা ক্ষমতায় যেতে পারলে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী।’

