বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় উল্লেখ করে দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দলের নেতাকর্মীদেরও ভুল-ত্রুটি হতে পারে। তবে অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন: স্পিকার
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ফেরেশতাদের দল নই, আমরা মানুষ। আমাদেরও ভুল, অন্যায়, দোষ ও অপরাধ হতে পারে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না।”
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা যদি জামায়াতের কারও অন্যায় বা অপরাধ দেখতে পান, তাহলে তা দলকে জানাবেন। “আমরা কথা দিচ্ছি, ভুল প্রমাণিত হলে সংশোধনের ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ।”
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, জনআস্থার প্রতীক হিসেবে দায়িত্বশীল আচরণ করতে হবে। “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।”
আরও পড়ুন: এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
তিনি আরও বলেন, কোনো সদস্যের সামান্য বা সহনীয় মাত্রার ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে গুরুতর অপরাধ বা নৈতিক বিচ্যুতি প্রমাণিত হলে দল কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, “এই বার্তা শুধু অন্যদের জন্য নয়, আমার নিজের জন্যও। আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।”

