বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, মন্ত্রীর বক্তব্য শুধু অসংগতই নয়, ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণআকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব এ কথা বলেছেন। গত শনিবার জ্বালানি মন্ত্রী বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে তার রক্তক্ষরণ হয়। কারণ, ইনকিলাব বাংলা ভাষা নয়।
জামায়াত নেতা এহছানুল মাহবুব বলেন, ‘ইনকিলাব’ শব্দটি আরবি হলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণঅধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। বাংলা ভাষা অসংখ্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে পরিণত হয়েছে। কোনো শব্দের উৎপত্তিকে কেন্দ্র করে তাকে ‘বাংলাবিরোধী’ আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থি। ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান শোষণ, অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।
মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি করে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, শব্দ বা স্লোগানকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত করার চেষ্টা পরিহার করতে হবে।

