জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের হামলায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ ডাকসুর নেতারা।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টায় তারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। পাশাপাশি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সাহস জোগান।
এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। মতের ভিন্নতার কারণে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
আরও পড়ুন: বিদ্যুৎ বিল নিয়ে এবার আজহারী পোস্ট
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র। সেখানে সহিংসতার রাজনীতি শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। আহত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, তাদের চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ডাকসুর ভিপি সাদিক কায়েম আহত জকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

