জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

জিটি রিপোর্ট

প্রকাশ:

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ|ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি। এ সময় জুলাই নিয়ে কোনো ধরনের বিচারহীনতা চলবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে কফিন মিছিল শুরু হয়। মিছিলটি মধুর ক্যানটিন, মল চত্বর ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, “আমাদের মধ্যে আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু জুলাই গণহত্যার বিচারের দাবিতে আমরা এক। যারা এই গণহত্যার পক্ষে ছিল, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: এলজিআরডি মন্ত্রী

সমাবেশে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, জুলাইকে শুধু বক্তব্যে নয়, চেতনায় ধারণ করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করা জরুরি।

এ সময় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, “জুলাই নিয়ে কোনো বিচারহীনতা চলবে না। সরকারকে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের পাশাপাশি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!