সরকারকে পাঁচ বছর দেশ চালাতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

জিটি রিপোর্ট

প্রকাশ:

সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের
সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের|ছবি: সংগৃহীত

সরকারকে পাঁচ বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, জনগণের গণরায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না।

শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জে সংঘর্ষে আহত দলীয় কর্মী আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রকল্প পরিচালকদের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সরকার জনগণের সমর্থন হারিয়েছে বলে দাবি করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে ক্ষমতায় টিকে থাকতে হলে সরকারকে দমন-পীড়নের পথ বেছে নিতে হবে। তিনি সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে দেশবাসীকে রাজপথে নামার প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সরকার ক্ষমতায় আসার পর কয়েক দফায় জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে। আবাসিক খাতেও মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ পর্যাপ্ত গ্যাস না পেলেও নিয়মিত বিল পরিশোধ করছে। বিদ্যুৎকেন্দ্র ও শিল্পে গ্যাসের দাম বাড়লে তার প্রভাব সাধারণ মানুষের ওপরও পড়বে। এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন: ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপি, শ্রীমঙ্গলে পুলিশি বাধা

এ সময় নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের অভিযোগ তুলে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

আহত কর্মী আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, সংঘর্ষে আলিফের একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অন্য চোখের আঘাতের মাত্রা নির্ধারণে চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন। হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর পরবর্তী চিকিৎসা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!