পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে ১৮০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৬ হাজার ১৭৪ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফিরেছেন ৬১ হাজার ৭১৫ জন।
চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি। শুক্রবার (২৬ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের বহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৭টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইনস ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট।
এয়ারলাইনসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩০ হাজার ৫৭৩ জন হাজি। সৌদিয়া এয়ারলাইনসের ৬১টি ফ্লাইটে ফিরেছেন ২২ হাজার ৭২৯ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৪ হাজার ২০০ জন হাজি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট হাজিরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
আরও পড়ুন: তারেক রহমানের চীন সফর, ১৭ সমঝোতা
হজ বুলেটিনে আরও জানানো হয়, এ বছর সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন, যার মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ৩৬ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে। অন্যদিকে, মক্কা ও মদিনায় পরিচালিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ৩৮৩ জন হাজিকে বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে।

