যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭’-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের উদীয়মান গবেষকেরা সম্পূর্ণ অর্থায়নের এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। বিশ্বের অন্যতম সেরা এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে নির্বাচিত গবেষকেরা দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপের সুযোগ পাবেন। এই প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক উন্নত গবেষণা পরিবেশে কাজ করার পাশাপাশি বিশ্বজুড়ে খ্যাতিমান গবেষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপ, দেখুন বিস্তারিত
ফেলোশিপের আর্থিক সুবিধা
হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামের আওতায় নির্বাচিত পোস্টডক্টরাল একাডেমি স্কলাররা বছরে ৮০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ লাখ ৬০ হাজার টাকা, প্রতি ডলার ১১৯.৫০ টাকা হিসাবে) স্টাইপেন্ড বা ভাতা পাবেন। এর পাশাপাশি গবেষণা পরিচালনার জন্য বছরে অতিরিক্ত ৬ হাজার মার্কিন ডলার (প্রায় ৭ লাখ ১৭ হাজার টাকা) গবেষণা অনুদানও পেতে পারেন নির্বাচিত গবেষকেরা। সাধারণত প্রতিবছর বিশ্বব্যাপী মাত্র ৫ থেকে ৬ জন অত্যন্ত যোগ্য গবেষককে এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা ও অগ্রাধিকার
এই ফেলোশিপের জন্য বিশ্বের যেকোনো দেশের যোগ্য গবেষকেরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাজীবনে অবশ্যই চমৎকার ফলাফল থাকতে হবে। বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস ও বিভিন্ন সামাজিক সংস্কৃতি বিষয়ে দক্ষ আবেদনকারীরা এই সিলেকশনে বিশেষ অগ্রাধিকার পাবেন। তবে প্রার্থীদের পিএইচডি ডিগ্রি অবশ্যই ৩১ জুলাই ২০২৬ তারিখের পর সম্পন্ন হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া ও ইন্টারভিউ
আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বর মাসে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে (ইন্টারভিউ) অংশ নিতে হবে। এই সাক্ষাৎকারের জন্য প্রার্থীর যাতায়াত (বিমান ভাড়া) ও হোটেলে থাকার সমস্ত ব্যয় বহন করবে হার্ভার্ড একাডেমি।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে আবেদন চলছে, দেখুন বিস্তারিত
বৃত্তির অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ
নির্বাচিত পোস্টডক্টরাল একাডেমি স্কলাররা আকর্ষণীয় সব প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সুবিধা পাবেন। সুযোগ-সুবিধাগুলোর মধ্যে রয়েছে—
বছরে ৮০ হাজার মার্কিন ডলার নগদ ভাতা।
হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে টানা দুই বছর গবেষণার সুযোগ।
গবেষণা ও ভ্রমণ ব্যয়ে সম্পূর্ণ আর্থিক সহায়তা।
গবেষণাসংক্রান্ত বিভিন্ন উন্নত প্রাতিষ্ঠানিক সুবিধা।
সম্পূর্ণ স্বাস্থ্যবিমার সুবিধা।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনপত্র পূরণের পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদনের জন্য যা যা প্রয়োজন—
একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি বা রিজিউমে)।
সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট ও সার্টিফিকেট)।
গবেষণার আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তৈরি 'স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস'।
একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল (গবেষণাপত্রের নমুনা)।
তিনটি রেকমেন্ডেশন লেটার (সুপারিশপত্র)।
আবেদন পদ্ধতি ও শেষ সময়
হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামে আবেদনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রার্থীরা যোগ্যতা ও কর্মসূচির বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে নিতে পারেন। এই মর্যাদাপূর্ণ ফেলোশিপে আবেদনের শেষ সময় আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬। বিস্তারিত তথ্য ও আবেদনের সুনির্দিষ্ট পদ্ধতি জানা যাবে হার্ভার্ড একাডেমির নিজস্ব ওয়েবসাইটে।

