জার্মানির ড্যাড (DAAD) ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা কোনো একাডেমিক প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত এই সুযোগে আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।
ড্যাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা জার্মানির উচ্চশিক্ষা, গবেষণা এবং বিভিন্ন বৃত্তির সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার সুযোগ পাবেন। আবেদন করার আগে প্রার্থীদের অনলাইনে নিজেদের যোগ্যতা যাচাই করতে হবে।
জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে আগ্রহীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে ড্যাড সাবেক শিক্ষার্থীদের নিয়ে এই অ্যাম্বাসেডর নেটওয়ার্ক তৈরি করেছে। নির্বাচিত ইয়াং অ্যাম্বাসেডররা জার্মানির বিশ্ববিদ্যালয়, বৃত্তি, গবেষণা কার্যক্রম এবং অর্থায়নের বিভিন্ন সুযোগ সম্পর্কে আগ্রহীদের জানাবেন।
আরও পড়ুনঃ শিক্ষা উপবৃত্তি দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন শুরু
এই কর্মসূচির মেয়াদ হবে দুই সেমিস্টার। নির্বাচিত প্রার্থীদের জন্য শুরুতেই একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের জার্মানির উচ্চশিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ, ড্যাডের বৃত্তি এবং আর্থিক সহায়তার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষ করার পর ইয়াং অ্যাম্বাসেডররা বিভিন্ন শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক অনুষ্ঠানে ড্যাডের প্রতিনিধিত্ব করবেন। তাঁরা জার্মানিতে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং নিজেদের একাডেমিক অভিজ্ঞতা তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
এই প্রোগ্রামে আবেদন করতে হলে প্রার্থীদের কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীদের ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল অথবা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে।
এ ছাড়া প্রার্থীদের জার্মানিতে পড়াশোনা, গবেষণা অথবা কোনো একাডেমিক প্রোগ্রামে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। আগামী ১ জানুয়ারি ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছরের কম হতে হবে।
নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইয়াং অ্যাম্বাসেডর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছেন, এমন শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন।
ড্যাড জানিয়েছে, আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এর আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।
প্রোগ্রামটির বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা ড্যাডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

