আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেন আর্জেন্টাইন তারকা ক্রিস্তিয়ান রোমেরো

জিটি রিপোর্ট

প্রকাশ:

 আর্জেন্টাইন তারকা ক্রিস্তিয়ান রোমেরো
আর্জেন্টাইন তারকা ক্রিস্তিয়ান রোমেরো|ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন তারকা ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভিড়িয়েছে আতলেতিকো মাদ্রিদ। টটেনহামের অধিনায়কের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি। আজ রোমেরোর সঙ্গে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আতলেতিকো।

২০৩১ সালের জুন পর্যন্ত আতলেতিকোতে থাকবেন রোমেরো। তবে চুক্তির আর্থিক বিষয় প্রকাশ করেনি তারা। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে ৩৪.২ মিলিয়ন পাউন্ড খরচ করেছে আতলেতিকো।

২০২১ সালে ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে ধারে টটেনহামে যোগ দিয়েছিলেন রোমেরো। পরে স্থায়ীভাবে লন্ডনের ক্লাবটিতে যোগ দেন তিনি। টটেনহামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলেছেন এই সেন্টার-ব্যাক, করেছেন ১৩ গোল।

তবে গত মৌসুমের শেষ দিকে সমালোচনার মুখেও পড়েছিলেন রোমেরো। টটেনহাম তখন প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে থাকলেও এভারটনের বিপক্ষে শেষ ম্যাচের আগে আর্জেন্টিনায় ফিরে যাওয়ায় তাকে নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুনঃ আসিয়ান কাপে সবাইকে চমকে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের আছে: কোচ থমাস ডুলি

বিদায়বার্তায় রোমেরো বলেন, ‘অসংখ্য স্মৃতি ও আমরা একসঙ্গে যা কিছু অর্জন করেছি, তার জন্য বিশাল গর্ব নিয়ে আমি টটেনহ্যাম ছাড়ছি।’

আর্জেন্টিনা জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য রোমেরো। ২০২২ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অংশ ছিলেন তিনি। ২০২৬ ফিফা বিশ্বকাপে আলবিসেলেস্তেদের হয়ে ফাইনাল পর্যন্ত খেলেছেন রোমেরো। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে করেছেন ১টি গোল।

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে টটেনহামের প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার কথা ছিল রোমেরোর। তবে এর আগেই নতুন ঠিকানা নিশ্চিত হয়ে গেল এই তারকার।

রোমেরো এই গ্রীষ্মে আতলেতিকোর চতুর্থ বড় সংযোজন। এর আগে কাং-ইন লি, মর্টেন হুলমান্ড ও আলেহান্দ্রো গ্রিমালদোকে দলে ভিড়িয়েছে দিয়েগো সিমিওনের দল।

গত মৌসুমে লা লিগায় চতুর্থ হয়ে শেষ করা আতলেতিকো এবার আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপার লড়াইয়ে ফিরতে চায়। আজ শুরু হবে লা লিগার নতুন মৌসুম। বুধবার রাতে মালাগার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬-২৭ মৌসুম শুরু করবে আতলেতিকো মাদ্রিদ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!