ক্রিকেটে আসছে একাধিক নতুন নিয়ম, বদলে যাবে খেলার ধরণ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল|ছবি: সংগৃহীত

ক্রিকেটকে আরও দ্রুত ও আধুনিক করে তুলতে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টোয়েন্টিতে বিরতির সময় কমানো, ড্রিংকস ব্রেকে কোচদের মাঠে প্রবেশের অনুমতি, টেস্টে প্রয়োজনে লাল বল বদলে পিঙ্ক বল ব্যবহার এবং অবৈধ বোলিং অ্যাকশন শনাক্তে প্রযুক্তির ব্যবহার—এমন অন্তত চারটি নতুন নিয়ম সামনে আনছে সংস্থাটি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৩০ মে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিতব্য আইসিসি বোর্ড সভায় অনুমোদন পেলেই নিয়মগুলো আন্তর্জাতিক ক্রিকেটে চালু করা হবে। প্রস্তাবিত পরিবর্তনগুলো ক্রিকেটের তিন সংস্করণেই প্রভাব ফেলতে পারে।

ড্রিংকস ব্রেকে মাঠে ঢুকতে পারবেন কোচ: ওয়ানডে ক্রিকেটে ড্রিংকস ব্রেকের সময় হেড কোচদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার চিন্তা করছে আইসিসি। বর্তমানে কেবল বদলি খেলোয়াড় বা ড্রিংকস বহনকারী সদস্যরাই মাঠে যেতে পারেন। নতুন নিয়ম চালু হলে ম্যাচ চলাকালেই কোচরা সরাসরি খেলোয়াড়দের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা করতে পারবেন।

তবে কোচদের মাঠে নামার সময় দলের অফিসিয়াল জার্সি বা নির্ধারিত পোশাক পরতে হবে কি না, তা এখনো স্পষ্ট করা হয়নি।

আরও পড়ুন: হ্যারি কেইনের হ্যাটট্রিকে ৬ বছর পর জার্মান কাপ জিতল বায়ার্ন

টি-টোয়েন্টিতে কমবে বিরতির সময়: ম্যাচের গতি বাড়াতে টি-টোয়েন্টিতে দুই ইনিংসের মধ্যবর্তী বিরতির সময় ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করার পরিকল্পনা করছে আইসিসি।

বর্তমানে প্রথম ইনিংস শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংস শুরু করতে ২০ মিনিট বিরতি দেওয়া হয়। নতুন নিয়ম কার্যকর হলে দলগুলো কৌশল ঠিক করার জন্য পাঁচ মিনিট কম সময় পাবে।

টেস্টে লাল বল বদলে পিঙ্ক বল: আলোকস্বল্পতা বা খারাপ আবহাওয়ার কারণে দিনের আলোতে খেলা চালানো সম্ভব না হলে ফ্লাডলাইটের নিচে পিঙ্ক বল ব্যবহারের প্রস্তাবও রয়েছে আইসিসির আলোচনায়।

তবে এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘পারস্পরিক সম্মতি’। ম্যাচ অফিসিয়ালদের পাশাপাশি দুই দলের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট একমত হলেই কেবল ম্যাচ চলাকালে বলের রঙ পরিবর্তন করা যাবে।

অবৈধ বোলিং অ্যাকশন শনাক্তে প্রযুক্তির ব্যবহার: সন্দেহজনক বোলিং অ্যাকশন আরও দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে হক-আই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও করছে আইসিসি। নতুন নিয়ম কার্যকর হলে অন-ফিল্ড আম্পায়াররাও প্রযুক্তিগত তথ্যের সরাসরি সহায়তা পাবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!