ভারতের বেঙ্গালুরুতে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠেই আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৩৯ বছর বয়সী পেসার এস এম অক্ষয়। ফিল্ডিং করার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
সোমবার কর্ণাটক রাজ্যের এই পেসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ডোড্ডা গণেশ। তিনি জানিয়েছেন, ম্যাচ চলাকালীন হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে এই ক্রিকেটারের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মেক্সিকোর প্রেসিডেন্টের দাবি—ইরানের বিশ্বকাপ দলকে ‘রাখবে না’ যুক্তরাষ্ট্র
গত রবিবার বেঙ্গালুরুর কেআর পুরমের মাঠে ঘরোয়া তৃতীয় ডিভিশনের একটি ম্যাচ খেলছিলেন অক্ষয়। আর দশটা সাধারণ ম্যাচ ডে’র মতোই তিনি মাঠে নেমেছিলেন। কিন্তু ফিল্ডিংয়ের সময় হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে, যা তার ক্যারিয়ার এবং জীবদ্দশার শেষ ম্যাচ হিসেবে প্রমাণিত হলো।
অক্ষয়ের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে ভারতের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কর্ণাটক ক্রিকেট সংস্থার সভাপতি ও ভারতের সাবেক তারকা পেসার ভেঙ্কটেশ প্রসাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের এমন বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবার, সতীর্থ ও ভক্তরা।

