ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠে যোগ হলো আরেক নতুন মুখ। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন থেকে মিডফিল্ডার কার্লোস বালেবাকে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। তরুণ এই মিডফিল্ডারকে দলে টানতে বড় অঙ্কের ট্রান্সফার ফি খরচ হয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির।
ক্যামেরুনের এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। দলটিতে তিনি খেলবেন ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর শর্তও রাখা হয়েছে।
বালেবার ট্রান্সফার ফির বিষয়ে ইউনাইটেডের বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, তাকে কিনতে ক্লাবটির খরচ হয়েছে সাড়ে ছয় কোটি পাউন্ড। বিভিন্ন বোনাস মিলিয়ে এই অঙ্ক আরও ৫০ লাখ পাউন্ড বাড়তে পারে।
আবার সাফল্যের পথে ফিরতে মাঝমাঠ শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। চলতি গ্রীষ্মের দলবদলে এরই মধ্যে দুই মিডফিল্ডারকে দলে নিয়েছে তারা। চেলসি থেকে আন্দ্রেই সান্তোস এবং অ্যাস্টন ভিলা থেকে ইউরি টিলেমান্সকে চুক্তিভুক্ত করেছে ইউনাইটেড।
আরও পড়ুনঃ নেদারল্যান্ডসকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বার্সেলোনা কিংবদন্তি শাভি
এবার সেই তালিকায় যুক্ত হলেন ২২ বছর বয়সী বালেবা। নতুন ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত এই মিডফিল্ডার। ইউনাইটেডে নিজের স্বপ্ন পূরণের কথাও জানিয়েছেন তিনি।
বালেবা বলেন, 'আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে দারুণ অনুভূতি কাজ করছে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা সবসময়ই দারুণ ব্যাপার, আর সেটা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে আরও বেশি গর্বের।
'(ইউনাইটেডের প্রধান কোচ) মাইকেল ক্যারিকের সঙ্গে কাজ শুরু করতে আমার তর সইছে না। তার অভিজ্ঞতা ও খেলাটি সম্পর্কে জ্ঞান তাকে (এখানে) সঠিক কোচ করে তুলেছে, যিনি আমাকে শীর্ষ পর্যায়ে উঠতে সাহায্য করবেন।'
ক্যারিকের কোচিংয়ে গত মৌসুমের দ্বিতীয়ভাগে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ইউনাইটেড। তবে চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি তাদের।
প্রিমিয়ার লিগে যাত্রা শুরুর ম্যাচেই হারের মুখ দেখেছে তারা। হাল সিটির বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে ইউনাইটেড।
এমন পরিস্থিতিতে মাঝমাঠকে আরও শক্তিশালী করতে বালেবাকে দলে নেওয়া হলো। এখন নতুন এই মিডফিল্ডারকে ঘিরে ইউনাইটেড সমর্থকদের প্রত্যাশাও বাড়ছে।

