ফের গোল্ডেন বুট জিতলেন আর্লিং হলান্ড

জিটি রিপোর্ট

প্রকাশ:

গোল্ডেন বুট হাতে আর্লিং হল্যান্ড
গোল্ডেন বুট হাতে আর্লিং হল্যান্ড|ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির লিগ শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ না হলেও, ব্যক্তিগত নৈপুণ্যে আবারও উজ্জ্বল আর্লিং হলান্ড। অনেকের মতে এবার তার পারফরম্যান্স প্রত্যাশামতো না হলেও, মাঠের লড়াইয়ে নিজের কাজটা ঠিকই করেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৭ গোল করে আরও একবার গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা। প্রতিযোগিতাটিতে এটি তার ক্যারিয়ারের তৃতীয় গোল্ডেন বুট।

টানা দ্বিতীয় মৌসুমে দলের লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা ভেস্তে যায় শেষের আগের রাউন্ডে। বোর্নমাউথের মাঠে সিটি পয়েন্ট হারালে আর্সেনালের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। তবে সেই ম্যাচেও শেষ দিকে দারুণ একটি গোল করে দলকে ১-১ ব্যবধানে সমতায় ফিরিয়েছিলেন হলান্ড।

এবারের আসরে হলান্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল করেছেন ব্রেন্টফোর্ডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগো চিয়াগো। আর ১৭ গোল করে তালিকার তৃতীয় স্থানে আছেন হলান্ডের ক্লাব সতীর্থ অ্যান্টোয়ান সেমেনিও, যিনি বোর্নমাউথে মৌসুম শুরু করে জানুয়ারির দলবদলে সিটিতে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন: স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, দলে নেই রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড়

২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই গোলের বন্যা বইয়ে দিচ্ছেন হলান্ড। প্রথম মৌসুমে রেকর্ড ৩৬ গোল করে জিতেছিলেন নিজের প্রথম গোল্ডেন বুট। পরের মৌসুমে ২৭ গোল করে ধরে রাখেন সেই ধারা, আর এবারও সমসংখ্যক গোল করে হ্যাটট্রিক শিরোপার স্বাদ পেলেন তিনি।

তিনবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতে হলান্ড এখন অ্যালান শিয়েরার ও হ্যারি কেইনের পাশে আসন নিয়েছেন। তার চেয়ে বেশি চারবার করে এই পুরস্কার জিতেছেন কেবল ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি ও মিশরের তারকা মোহামেদ সালাহ। লিভারপুল থেকে সালাহ বিদায় নেওয়ায় ২৫ বছর বয়সী হলান্ডের সামনে এখন অঁরি-সালাহর রেকর্ড ছোঁয়ার বা তা ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে।

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৩২ ম্যাচে অংশ নিয়ে ১১২টি গোল করেছেন হলান্ড। এর আগে মাত্র ১১১ ম্যাচ খেলে এই প্রতিযোগিতায় দ্রুততম গোলের সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়েন তিনি, যা আগের রেকর্ডধারী অ্যালান শিয়েরারের চেয়ে ১৩ ম্যাচ কম।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!