চাকরি হারাচ্ছেন মেটার ১৬৮ কর্মী

জিটি ডেস্ক

প্রকাশ:

মেটা
মেটা|ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটায় নতুন করে ছাঁটাই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এমপ্লয়মেন্ট সিকিউরিটি বিভাগের নথি অনুযায়ী, এই ধাপে ১৬৮ কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, লক্ষ্য পূরণে দলগুলোকে আরও কার্যকর করতে নিয়মিত পুনর্গঠন করা হয়। যাদের পদ এই প্রক্রিয়ায় প্রভাবিত হচ্ছে, তাদের জন্য বিকল্প সুযোগ খোঁজার চেষ্টাও চলছে বলে তিনি উল্লেখ করেন।

ছাঁটাইয়ের তালিকায় থাকা কর্মীদের বেশির ভাগই সিয়াটল, রেডমন্ড ও বেলভিউ এলাকায় কর্মরত ছিলেন। এছাড়া অঙ্গরাজ্যের ভেতরে দূরবর্তীভাবে কাজ করা ৩৯ জনও এতে অন্তর্ভুক্ত আছেন।

আরও পড়ুন: রাউটার কেনার আগে যা জানা জরুরি

এই সিদ্ধান্তের প্রভাব পড়ছে প্রকৌশল, পণ্য ব্যবস্থাপনা, নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে। বিশেষ করে রিয়েলিটি ল্যাবস বিভাগে কর্মরত অনেকেই এর আওতায় পড়েছেন। এই বিভাগটি অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এবং স্মার্ট গ্লাসসহ পরিধানযোগ্য প্রযুক্তি নিয়ে কাজ করে।

জানা গেছে, আগামী ৮ মে থেকে ধাপে ধাপে এই ছাঁটাই কার্যকর করা হবে। ওয়াশিংটন অঙ্গরাজ্য মেটার অন্যতম বড় প্রযুক্তি কেন্দ্র এবং ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের বাইরে এটি কোম্পানির গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং হাব হিসেবে পরিচিত।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই অঙ্গরাজ্যে ৩৩১ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল মেটা, যেখানে মূলত রিয়েলিটি ল্যাবস বিভাগেই কাটছাঁট করা হয়। তারও আগে গত অক্টোবরে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে বড় পরিসরের ছাঁটাই হয়েছিল।

আরও পড়ুন: মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এই ছাঁটাই এবং কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়তি ব্যবহারের ফলে উৎপাদনশীলতা বেড়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে মেটার প্রতি কর্মী থেকে গড় আয় প্রায় ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে একই সময়ে শীর্ষ নির্বাহীদের জন্য নতুন শেয়ারভিত্তিক প্রণোদনা কর্মসূচিও চালু করেছে কোম্পানিটি, যার ফলে ছয়জন শীর্ষ কর্মকর্তার পারিশ্রমিক আগামী পাঁচ বছরে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!