ইনস্টাগ্রাম আনছে ‘ইউর অ্যালগরিদম’ ফিচার, পছন্দমতো বদলানো যাবে নিজের ফিড

জিটি ডেস্ক

প্রকাশ:

ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম |ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের হোম ফিড ও রিলস ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন কিছু ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। সম্প্রতি এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ব্যবহারকারীরা যেন নিজেদের পছন্দ অনুযায়ী ফিডের কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারেন, সে লক্ষ্যেই নতুন কিছু সুবিধা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

‘ইউর অ্যালগরিদম’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোন ধরনের বিষয় বা টপিক বেশি দেখতে চান এবং কোনগুলো কম দেখতে চান, তা নির্ধারণ করতে পারবেন। গত বছর ফিচারটি চালুর পর থেকেই ইনস্টাগ্রামের বিভিন্ন অংশে এর ব্যবহার বাড়ানোর কাজ চলছে।

আরও পড়ুন: ইউটিউব থেকে ঘরে বসে আয় করবেন যে কৌশলে

অ্যাডাম মোসেরি বলেন, ‘আমরা “ইউর অ্যালগরিদম” ফিচারটিকে শুধু সেটিংসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এটি যেন ইনস্টাগ্রাম ব্যবহারের মূল অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য। এর কিছু ফিচারের পরীক্ষা-নিরীক্ষা চলছে, কিছু শিগগিরই আসবে, আবার কিছু হয়তো শেষ পর্যন্ত চালু নাও হতে পারে।’

মোসেরির দেওয়া উদাহরণ অনুযায়ী, নতুন ফিচারগুলো যেভাবে কাজ করতে পারে—

ফিড ড্রপ-ডাউন: ফিড স্ক্রোল করার সময় ওপর থেকে নিচে টানলে (পুল ডাউন) সরাসরি ‘ইউর অ্যালগরিদম’ মেনু দেখা যাবে।

রিলসে সোয়াইপ আপ: কোনো রিল দেখার সময় ওপরের দিকে সোয়াইপ করলে কাস্টমাইজেশনের একটি উইন্ডো বা প্রম্পট দেখা যাবে।

আরও পড়ুন: ফেসবুকে বেশি রিচ ও ভিউ পাওয়ার কার্যকরী টিপস!

অন-স্ক্রিন বাটন: প্রতিটি রিলের নিচে নির্দিষ্ট বাটন থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারী জানাতে পারবেন তিনি এ ধরনের রিল আরও দেখতে চান কি না।

তবে মোসেরির ঘোষণায় ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। তার পোস্টের নিচে সবচেয়ে বেশি আলোচিত মন্তব্যগুলোর বেশিরভাগেই ব্যবহারকারীরা দাবি জানিয়েছেন, ইনস্টাগ্রামের অ্যালগরিদম যেন অগ্রাধিকার ভিত্তিতে শুধু তাদের অনুসরণ করা (ফলো করা) অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখায়।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘আমরা শুধু চাই, আমাদের অ্যালগরিদম যেন কেবল আমরা যাদের ফলো করি, তাদের পোস্টই দেখায়।’

সূত্র: টেকক্রাঞ্চ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!