ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ হ্যাকড, জুয়ার বিজ্ঞাপন প্রচার

জিটি রিপোর্ট

প্রকাশ:

ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ হ্যাক, জুয়ার বিজ্ঞাপন পোস্ট
ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ হ্যাক, জুয়ার বিজ্ঞাপন পোস্ট|ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক পেজ সাইবার হামলার শিকার হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে ‘Aminul Haque’ নামের পেজটি হ্যাক করে একাধিক অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রকাশ করে। এ ঘটনায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে পেজটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিমন্ত্রীর পেজে প্রথম দফায় পরপর চারটি অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হলেও সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আবারও ইংরেজি ও তুর্কি ভাষার বর্ণমালায় একই ধরনের আরও তিনটি পোস্ট দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পেজটি ডিঅ্যাক্টিভেট করা হয়।

আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ ৫৭ হাজার ৩০১ কোটি টাকা

এ বিষয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমিনুল হকের ফেসবুক অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ সময় তার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত কোনো বিভ্রান্তিকর, অসঙ্গতিপূর্ণ বা অনাকাঙ্ক্ষিত পোস্টে কেউ যেন বিভ্রান্ত না হন। এসব কর্মকাণ্ডের দায় আমিনুল হকের নয়; বরং এটি তার ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে পরিচালিত একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

এ ছাড়া জানানো হয়, অ্যাকাউন্ট পুনরুদ্ধারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অ্যাকাউন্ট পুনরুদ্ধার সম্পন্ন হলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সচেতনতা কামনা করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!