বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নত ও শক্তিশালী ক্যামেরাসম্পন্ন স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে। তাই অনেকের ধারণা, ছবি তুললেই সেগুলোর মান ভালো হবে। তবে বাস্তবে বিষয়টি এমন নয়। ভালো মানের ছবি তুলতে হলে ফোনের ক্যামেরার পাশাপাশি কিছু কৌশল জানা জরুরি। চলুন স্মার্টফোনে ভালো ছবি তোলার কিছু কৌশল জেনে নেওয়া যাক।
আলোর সঠিক ব্যবহার
একটি ছবিকে আকর্ষণীয় করতে আলোর যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছবি তোলার সময় প্রথমেই প্রাকৃতিক আলো ব্যবহার করার চেষ্টা করা উচিত। যদি তা সম্ভব না হয়, তাহলে ফ্ল্যাশলাইট ব্যবহার করে ছবির উজ্জ্বলতা বাড়াতে হবে। ফ্ল্যাশলাইট সাধারণত ছবির নির্দিষ্ট অংশে বেশি ফোকাস করে, তাই বিষয়বস্তুকে অর্থবহ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা প্রয়োজন।
সঠিকভাবে ফোকাস করা
ছবির মূল বিষয়টি স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে ক্যামেরার সঠিক ফোকাস জরুরি। এজন্য ছবি তোলার আগে ফোনের স্ক্রিনে প্রধান বিষয়টির ওপর আলতো করে ট্যাপ করে ফোকাস পয়েন্ট নির্ধারণ করতে হবে।
ফ্রেমে ভিন্নতা আনা
একই ধরনের ফ্রেম বা অ্যাঙ্গেল বারবার ব্যবহার না করে ভিন্নতা আনতে হবে। এজন্য নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ছবি একই জায়গা থেকে না তুলে বিভিন্ন কোণ থেকে একাধিকবার তোলা উচিত। বর্তমানে স্মার্টফোনের ক্যামেরায় বিভিন্ন সেন্সরযুক্ত লেন্স থাকায় ভিন্ন অবস্থান থেকে তোলা ছবিগুলো ভালো হয়।
ব্যাকগ্রাউন্ড ব্লার করা
পেশাদার ফটোগ্রাফিতে বিষয়বস্তুকে গুরুত্ব দিতে ব্যাকগ্রাউন্ড ঝাপসা করা একটি পরিচিত কৌশল। তাই স্মার্টফোনের পোর্ট্রেট মোড ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী পেছনের দৃশ্য ব্লার করে ছবি তোলা যেতে পারে।
জুম ব্যবহার এড়িয়ে চলা
কোনো ছবি সামনে থেকে নেওয়ার ক্ষেত্রে ক্যামেরার জুম ব্যবহার না করাই ভালো, কারণ এতে ছবির গুণগত মান কমে যায়। এ সমস্যা এড়াতে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর কাছাকাছি গিয়ে ছবি তুলতে হবে।
সম্পাদনা অ্যাপের সীমিত ব্যবহার
ভালো মানের সম্পাদনা অ্যাপ ব্যবহার করে ছবির মান উন্নত করা সম্ভব। তাই ছবি তোলার পর অ্যাপের মাধ্যমে ফ্রেম, আলো, অনুপাত ইত্যাদি ঠিক করা এবং বিভিন্ন ফিল্টার ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত ফিল্টার ব্যবহারে ছবির স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই সম্পাদনা অ্যাপ সীমিতভাবে ব্যবহার করা উচিত।
ট্রাইপড ব্যবহার করা
স্মার্টফোনে ছবি তোলার সময় হাত কেঁপে যাওয়ার কারণে অনেক সময় ছবি ঝাপসা হয়ে যায়। এই সমস্যা দূর করতে ট্রাইপড ব্যবহার করে ছবি তোলা যেতে পারে।
‘র’ ফরম্যাটে ছবি তোলা
বর্তমানে অনেক স্মার্টফোনেই ‘র’ ফরম্যাটে ছবি তোলার সুবিধা রয়েছে। এই ফরম্যাটে তোলা ছবিগুলো মূলত প্রক্রিয়াজাত হয়ে জেপিইজি ফাইলে রূপান্তরের আগের অবস্থায় থাকে, ফলে এগুলো ইচ্ছেমতো সম্পাদনা করা যায়।

