মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উপলক্ষে দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানো এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতাটি দুটি ক্যাটাগরিতে হবে। ‘ক’ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ‘খ’ ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে।
আরও পড়ুন: এসএসসি পাস মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
আগামী ৩১ অক্টোবর থেকে প্রতিযোগিতা শুরু হবে। এতে অংশ নিতে ৩ থেকে ২০ অক্টোবরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে। স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন ফরম পূরণ করা যাবে।
প্রতিযোগিতা হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লায়।
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের ভেন্যু ও সময়সূচি ২৫ অক্টোবরের পর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


