নেদারল্যান্ডসকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বার্সেলোনা কিংবদন্তি শাভি

জিটি রিপোর্ট

প্রকাশ:

 নেদারল্যান্ডসের নতুন কোচ শাভি
নেদারল্যান্ডসের নতুন কোচ শাভি |ছবি: সংগৃহীত

নতুন দায়িত্বে নেদারল্যান্ডসকে সাহসী ও আক্রমণাত্মক দল হিসেবে গড়ে তুলতে চান শাভি এর্নান্দেস। ডাচ দলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বার্সেলোনা ও স্পেনের এই কিংবদন্তি। তার লক্ষ্য, বলের নিয়ন্ত্রণ রেখে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করা এবং শেষ পর্যন্ত জয়ের জন্য লড়াই করা।

এবারের বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায় নেওয়া নেদারল্যান্ডস দলে নতুন প্রাণশক্তি আনার প্রতিশ্রুতি দিয়েছেন কোচ শাভি এর্নান্দেস। নতুন দায়িত্বে কাজ শুরু করতে উন্মুখ হয়ে আছেন তিনি।

আরও পড়ুনঃ চমক দিয়ে আসিয়ান কাপের জন্য দল ঘোষণা করল বাফুফে

দুই বছরের বেশি সময় কোচিংয়ের বাইরে থাকা শাভির হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়ার ঘোষণা চলতি মাসের মাঝামাঝি দেয় ডাচ ফুটবল ফেডারেশন। স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে ডাচদের ছিটকে পড়ার দায় নিয়ে দায়িত্ব ছাড়েন রোনাল্ড কুমান। তার স্থলাভিষিক্ত হওয়া শাভি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডস দল নিয়ে নিজের ভাবনা ও লক্ষ্যের কথা তুলে ধরেন।

দলে প্রতিভার কমতি নেই বলে মনে করেন শাভি। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি ঐক্যবদ্ধ দল তৈরি করা। একই সঙ্গে তিনি চান, নেদারল্যান্ডস সাহসী ফুটবল খেলুক। বল পায়ে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখুক।

শাভি বলেন, 'আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি দল, একটি গ্রুপ তৈরি করা এবং ফুটবলের বিচারে আমরা এমন একটি সাহসী দল তৈরি করতে চাই, যারা খেলায় আধিপত্য করবে, বল পায়ে খেলার নিয়ন্ত্রণ নেবে। একই সঙ্গে, আমাদের লক্ষ্য হলো সবাইকে এমন একটি দল দেখানো যাদের আবেগ, আকাঙ্ক্ষা এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, একজন কোচ হিসেবে এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

'আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি, উপভোগ করতে এবং জিততে এসেছি। আমি জোর দিয়ে বলছি, আমরা এখানে জিততে এসেছি। আমি এই প্রকল্পের ওপর অনেক বিশ্বাস রাখি। খেলোয়াড়দের ওপর আমার অগাধ বিশ্বাস আছে এবং আমি শুরু করার জন্য সত্যিই খুব রোমাঞ্চিত।'

আরও পড়ুনঃ ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে কত টাকা লাগবে?

৪৮ বছরের মধ্যে নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ শাভি। সবশেষ বিদেশি কোচ ছিলেন এর্নষ্ট হ্যাপেল। কিংবদন্তি অস্ট্রিয়ান কোচের তত্ত্বাবধানে ১৯৭৮ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ডাচরা।

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও কোচিংয়ে ফিরছেন শাভি। বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর দুই বছরের বেশি সময় কোচিংয়ের বাইরে ছিলেন তিনি।

আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে জার্মানির বিপক্ষে নেশন্স লিগের কঠিন পরীক্ষা দিয়ে নেদারল্যান্ডসের ডাগআউটে অভিষেক হবে বার্সেলোনার সাবেক কোচ শাভির।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!