ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে কত টাকা লাগবে?

জিটি রিপোর্ট

প্রকাশ:

 ব্রাজিল ফুটবল দল
ব্রাজিল ফুটবল দল |ছবি: সংগৃহীত

ব্রাজিলের সঙ্গে প্রস্তাবিত বাংলাদেশ দলের প্রীতি ম্যাচ আয়োজনে অন্তত ৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৭ কোটি টাকা) লাগতে পারে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একটি প্রদর্শনী ম্যাচের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে রাজি নয় সরকার। থার্ড পার্টির তথ্যের ভিত্তিতে বাফুফেকে সরকারের এই অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুনঃ আলভারেজকে তীব্র দুয়ো আতলেতিকো মাদ্রিদ সমর্থকদের

আজ সোমবার ক্রীড়া প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, 'থার্ড পার্টি থেকে অনেকেই বলেছে, ম্যাচটা আয়োজনে ৩ মিলিয়ন ডলার লাগতে পারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকা)। এটা আমি শুনেছি। কিন্তু এত ডলার খরচ করে ম্যাচের পক্ষে আমরা না।'

দেশের সার্বিক অর্থনৈতিক সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, 'ভারতে যারা ব্রাজিলকে আনছে, তারা আমাদের অনেকের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এটা প্রাথমিক পর্যায়েই আছে। আমার মূলকথা হলো, সরকার যেহেতু এ মুহূর্তে জ্বালানিসংকট আছে...আমাদের যে সংকটগুলো আছে, সেই মুহূর্তে একটা ম্যাচের জন্য এত টাকা ব্যয় করার পক্ষে বা ব্যয় করার মানসিকতা সরকারের নেই।'

সরকার কোনো আর্থিক সহায়তা দেবে না বলে বাফুফে সভাপতিকেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'আমার সঙ্গে বাফুফে সভাপতির মৌখিক আলোচনা হয়েছে। তাঁকে আমি বলেছি, সরকারের পক্ষে এখন এই টাকা দেওয়া সম্ভব না। আপনারা বেসরকারিভাবে যদি অর্গানাইজ করতে পারেন, যদি স্পনসর জোগাড় করতে পারেন, তাহলে আমরা সার্বিক সহযোগিতা করব।'

এই ম্যাচ থেকে দেশের ফুটবলে বাড়তি কোনো লাভ দেখছেন না প্রতিমন্ত্রী। সকালে বক্সিং ফেডারেশনের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, '(ব্রাজিলের খেলা হলে) মানুষের যে প্রত্যাশা, সেটা হয়তো বা পূরণ হবে। দর্শকেরা হয়তো বা একটু আনন্দিত হবেন, কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে, এ বিষয়ের সঙ্গে আমি একমত নই।'

যদিও এর আগে সোমবার বাফুফে সদস্য সাখাওয়াত হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ম্যাচ আয়োজনে সরকারের কাছ থেকে সহায়তা নেওয়া হবে। কিন্তু মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে যে সরকারি আর্থিক অনুদান পাচ্ছে না বাফুফে।

অবশ্য ম্যাচ আয়োজনের সম্ভাবনা পুরোপুরি নাকচ হয়নি। বাফুফে যদি নিজস্ব উদ্যোগে বেসরকারি স্পনসর সংগ্রহ করতে পারে, তবে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। যদিও এই আয়োজনে ঠিক কত টাকা লাগবে, সে বিষয়ে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অর্থসংকটের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) জটিল নিয়মও এই ম্যাচের জন্য বড় বাধা। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ আসিয়ান কাপে চারটি ‘টায়ার-১’ ম্যাচ খেলবে। নিয়ম অনুযায়ী একটি উইন্ডোতে চারটির বেশি ম্যাচ খেলার সুযোগ নেই। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আয়োজন করতে গেলে তা হবে পঞ্চম ম্যাচ। ফলে সব মিলিয়ে ম্যাচটি আয়োজনের সম্ভাবনা প্রায় মিলিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ গোল বন্যায় এলচেকে ভাসিয়ে মৌসুম শুরু করল বার্সেলোনা

উল্লেখ্য, গত রোববার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। তারা আগামী ৫ বা ৬ অক্টোবর ঢাকায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ব্রাজিল জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়।

এর আগে ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ম্যাচ আয়োজন করেছিল বাফুফে। তখন খরচ হয়েছিল প্রায় ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার, যা তখনকার হিসাবে ছিল ২৬ থেকে ২৭ কোটি টাকা। সে সময় করপোরেট স্পনসর, ব্যাংকঋণ এবং টিকিটের অতিরিক্ত দাম থেকে এই খরচ তোলা হয়েছিল।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!