২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে কলেজগুলোর ভর্তি কার্যক্রম। শনিবার রাতে প্রকাশিত ফলে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আর এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করে চূড়ান্ত ফল দেখতে পারবেন। পাশাপাশি নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, শনিবার রাতে চূড়ান্ত ফল প্রকাশের পর রোববার থেকে মনোনীত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত
যেসব কাগজপত্র লাগবে
এসএসসি পরীক্ষার অনলাইন মার্কশিট
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র
সদ্য তোলা দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
অনলাইন আবেদন নিশ্চায়নের কপি
শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বর
এবার একাদশ শ্রেণির ভর্তিতে মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। তবে এই কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।
কোন কলেজে ভর্তি ফি কত
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, এবার একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ফি এক হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ফি আট হাজার ৫০০ টাকা। এমপিও, নন-এমপিও, বাংলামাধ্যম ও ইংরেজি ভার্সন এবং বিভাগীয় শহর ও মফস্বল এলাকাভেদে এ ফি কম-বেশি নির্ধারণ করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ফি পাঁচ হাজার টাকা। ঢাকা বাদে অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠানে একাদশে ভর্তি ফি সর্বোচ্চ তিন হাজার টাকা। জেলা পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এর পরিমাণ সর্বোচ্চ দুই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে তা সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা।
নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ফি সাত হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ আট হাজার ৫০০ টাকা। জেলা সদর এলাকায় বাংলা ভার্সনে তা তিন হাজার এবং ইংরেজি ভার্সনে চার হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে এর পরিমাণ দুই হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত
ভর্তিতে ৭ শতাংশ কোটা
ভর্তি নীতিমালা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানের মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এ কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।
গত ১৬ সেপ্টেম্বর একাদশে ভর্তির ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার মোট নয় লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে প্রথম ধাপে মোট নয় লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তারাই কেবল এ ধাপে ভর্তির সুযোগ পাচ্ছেন।

