২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন এবং মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটায় সম্পন্ন হয়েছে। এখন শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য—চূড়ান্তভাবে তারা কোন কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে, সে বিষয়টি জানা। সে অনুযায়ী, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আটটায় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবে।
আরও পড়ুন: চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজকের রাতে প্রকাশিত এই ফলের মাধ্যমেই শিক্ষার্থীরা চূড়ান্তভাবে জানতে পারবে তারা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) কলেজে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছিল। সে সময় ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হয়। তবে জিপিএ-৫ পাওয়ার পরও ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজেই মনোনয়ন পায়নি।
একাদশে কোন কলেজে ভর্তি ফি কত
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী এবার একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ফি ১ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। এমপিও, নন-এমপিও, বাংলামাধ্যম ও ইংরেজি ভার্সন এবং বিভাগীয় শহর ও মফস্বল এলাকাভেদে এ ফি কম-বেশি নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সন সর্বোচ্চ ফি ৫ হাজার টাকা। ঢাকা বাদে অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠানে একাদশে ভর্তি ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা।
নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সন সর্বোচ্চ ফি ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সন সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা। জেলা সদর এলাকায় বাংলা ভার্সন ৩ হাজার এবং ইংরেজি ভার্সন ৪ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে ফি ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।
ফল দেখতে পারবেন এখানে

