এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলে ফল পরিবর্তন হওয়া এবং ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে রাজধানীর নটর ডেম কলেজ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনঃনিরীক্ষায় ফলাফল পরিবর্তন হয়ে যারা নটর ডেম কলেজে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন, তাদের আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে ফলাফল পরিবর্তনের সব ধরনের প্রমাণপত্রসহ সরাসরি কলেজ অফিসে যোগাযোগ করতে হবে।
আরও পড়ুন: এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: নতুন করে পাস ৪০৮৫, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে এবং ৫৫ হাজার ২৫৯টি উত্তরপত্রে নম্বর পরিবর্তিত হয়েছে। নতুন করে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। এছাড়া নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।


