গুচ্ছ ভর্তির নেতৃত্বে পবিপ্রবি-নোবিপ্রবি, যুক্ত হতে পারে নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয়

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ২০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ২০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে|ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ২০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও যুগ্ম-আহ্বায়ক হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জানা গেছে, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে একাধিক কমিটি গঠন করা হয়। মূল কমিটি ছাড়া টেকনিক্যাল-ক্রয়-অর্থসহ থাকে বেশ কয়েকটি কমিটি। সভা সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে আজকের সভায়। শিগগিরই অন্যান্য কমিটি গঠন এবং ভর্তি পরীক্ষার আবেদনের সময় ও দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

জানতে চাইলে এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির কনভেনর ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কার্যক্রম সমাপ্ত ও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কারা হোস্ট এবং কারা কো-হোস্ট হবে সেটা নির্ধারণ করা হয়েছে। শিগগিরই আরেকটি সভা ডেকে টেকনিক্যাল, ক্রয় এবং অর্থ কমিটি গঠন করে সেখানেই ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

জানতে চাইলে এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ভর্তি পরীক্ষা নিতে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই আরেকটি সভা ডেকে ভর্তি পরীক্ষার সময় ঘোষণা করা হবে।

আরও পড়ুন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

তিনি বলেন, ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও একাডেমিক কার্যক্রম শুরুর সিনিয়রিটির ভিত্তিতে মূল কমিটি কনভেনর ও কো-কনভেনর বাছাই করা হয়েছে। সে হিসেবে ২০০২ সালে শুরু হওয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও তারপর ২০০৬ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিনিয়রিটি ধরে তাদের উপাচার্যদের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে এভাবে সিনিয়রিটির ভিত্তিতে দায়িত্ব দেয়া হতো না। তবে এবার সিনিয়রিটি প্রাধান্য দেয়া হয়েছে। এরপর ক্রমান্বয়ে আগামীতে কম সিনিয়রিটি বিশ্ববিদ্যালয়গুলো দায়িত্ব পালন করবে।

২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও ২-৩টি যুক্ত হতে পারে জানিয়ে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আগেরবারের মতো এবারও ২০ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। এরসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসির অনুমোদন সাপেক্ষে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে।

আরও পড়ুন : প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৫টি সংস্কার জরুরি: ববি হাজ্জাজ

গুচ্ছে থাকা ২০ বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন : শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ দফা নির্দেশনা বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

যুক্ত হওয়ার অপেক্ষায় আরও তিনটি

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ২০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো-বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তিনটি এখনও শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে থাকায় গুচ্ছে যুক্ত হলে এসব প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমও সমন্বিত পদ্ধতিতে সম্পন্ন করার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!