জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এমএ প্রোগ্রামে ভর্তিতে আবেদনপত্র আহ্বান
এবার পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ইউনিটগুলো হলো-বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই।
সূচি অনুযায়ী, ইউনিট-এ-এর পরীক্ষা ১ জানুয়ারি ২০২৭, ইউনিট-ই-এর ৮ জানুয়ারি, ইউনিট-বি-এর ১৫ জানুয়ারি, ইউনিট-সি-এর ২২ জানুয়ারি এবং ইউনিট-ডি-এর পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হবে। পরীক্ষা হবে বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) ভিত্তিতে। সব ইউনিটের পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনকারীকে ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ইউনিট-এ-তে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩-এর কম হলে আবেদন করা যাবে না।
আরও পড়ুন: ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর
ইউনিট-বি ও ইউনিট-ডি-এর জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ২ দশমিক ৭৫-এর কম হওয়া যাবে না।
ইউনিট-সি-তে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬ দশমিক ৫০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩-এর কম হলে আবেদন করা যাবে না।ইউনিট-ই-তে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫ দশমিক ৫০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ২ দশমিক ৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
এ ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস আগামী ৪ এপ্রিল ২০২৭ থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

