২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌবাহিনী কলেজ ঢাকা। ভর্তির জন্য আগামী ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী অভিভাবকেরা। আবেদন গ্রহণ, সাক্ষাৎকার, তথ্য যাচাই, লটারি ও ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে।
কলেজের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা, যার মধ্যে সফটওয়্যার কোম্পানি ও বিকাশের ফি অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্স, আবেদন শেষ ২৪ নভেম্বর
আগ্রহীদের নির্ধারিত ভর্তি পোর্টাল https://ncd.apply.ac/-এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে জমা দেওয়া তথ্য ও কাগজপত্র যাচাইয়ের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে ১৫ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও তথ্য যাচাই করা হবে। সাক্ষাৎকারের সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ সময় শিক্ষার্থীর প্রবেশপত্র, জন্মনিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যাটাগরির প্রমাণপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীর সঙ্গে বাবা-মায়ের উপস্থিতি বাধ্যতামূলক।
প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে কলেজের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হবে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২২ ও ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির কার্যক্রম নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিওএড-এমএডে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সাক্ষাৎকারের সময় জমা দেওয়া তথ্যে অসংগতি বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তির আবেদন বাতিল হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য নৌবাহিনী কলেজ ঢাকার ওয়েবসাইট https://bncd.edu.bd/ এবং কলেজের ফেসবুক পেজে পাওয়া যাবে।


