সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (১১ জুলাই) শুরু হচ্ছে। প্রথম দিনে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর সরকারি সাতটি কলেজ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।
এ ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় পাঁচজন ভর্তিচ্ছু।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে।
আরও পড়ুন: মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব স্কুল-কলেজ, প্রতিটি ক্লাসরুমে বসবে সিসিটিভি ক্যামেরা
এছাড়া পছন্দের বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।
ভর্তি পরীক্ষা ও ভর্তি-সংক্রান্ত সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট ([www.dcu.ac.bd](http://www.dcu.ac.bd)) থেকে জানা যাবে।
বাকি দুই ইউনিটের পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। সেদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন, আর ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন জমা পড়েছে ১১ হাজার ২৪৪টি। এ দুই ইউনিটে আসনসংখ্যা যথাক্রমে ৪ হাজার ৭৯৫টি এবং ১ হাজার ৯৯৭টি। তিনটি ইউনিট মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত ফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।

