বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাবা মারা যাওয়ার খবর পেয়ে বাড়ি ফেরার পথে ছেলেরও মৃত্যু
বাবা মারা যাওয়ার খবর পেয়ে বাড়ি ফেরার পথে ছেলেরও মৃত্যু|ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো বাবার মুখ দেখতে বাড়ি ফিরছিলেন ছেলে। কিন্তু সেই বাড়ি ফেরা আর হলো না। পথেই ট্রাকচাপায় প্রাণ হারালেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আলম জিকু (৪৫) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পরিবার, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ গ্রামে মারা যান জিকুর বাবা জসিম উদ্দিন। বাবার মৃত্যুর খবর পেয়ে জিকু তাঁর কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির নিচে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জিকু।

আরও পড়ুন: : বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিভিন্ন গ্রেডে ১৪২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় লালনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!