দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছে সরকার। জনগণের দুর্ভোগ কমাতে এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে জরুরি ভিত্তিতে মেরামতকাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বন্যার কারণে দেশের বিভিন্ন স্থানে সড়ক, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরকে ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা প্রস্তুত এবং দ্রুত সংস্কারকাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রাথমিক মূল্যায়নে শুধু চট্টগ্রাম অঞ্চলের প্রায় ২১২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের প্রধান সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চলের যোগাযোগ সচল রাখতে এসব সড়কের সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খোলার প্রস্তুতি, নিম্নাঞ্চলে সতর্কতা
প্রতিমন্ত্রী বলেন, প্রথম ধাপে জরুরি পণ্য, খাদ্য, ওষুধ, জ্বালানি ও ত্রাণ পরিবহনে ব্যবহৃত সড়কগুলো মেরামত করা হচ্ছে। পাশাপাশি জেলা-উপজেলা সদর, হাসপাতাল, বন্দর ও গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগকারী সড়কও দ্রুত সংস্কার করা হবে।
তিনি আরও বলেন, বর্ষা শেষে স্থায়ী পুনর্নির্মাণের পাশাপাশি ভবিষ্যতে জলবায়ু-সহনশীল, টেকসই সড়ক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার অর্থের অভাবে কোনো গুরুত্বপূর্ণ সংস্কারকাজ বিলম্বিত হতে দেবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

