কম্পিউটার ল্যাব ছাড়া কোনো স্কুল চলতে পারে না: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী|ছবি: সংগৃহীত

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো স্কুল চলতে পারে না। তাই প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কম্পিউটার, ডিজিটাল লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

আরও পড়ুন: চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

শুক্রবার দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নিজেও এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থা ও পড়াশোনার ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। এখন কম্পিউটারের মাধ্যমে বিশ্বের সেরা লাইব্রেরিগুলোর সঙ্গে সংযুক্ত হওয়া সম্ভব। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো পর্যাপ্ত কম্পিউটার ল্যাব নেই। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এ ঘাটতি দূর করা প্রয়োজন।

নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে দ্রুত একটি উন্নত কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে বিজ্ঞান ছাড়াও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধানের আশাবাদও ব্যক্ত করেন।

আরও পড়ুন: ৩ বছর ধরে শিক্ষার্থীশূন্য: দেশের ৮৬ বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের উদ্যোগ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

অনুষ্ঠানে ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী এবং ২০২৫ খ্রিষ্টাব্দে জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!