ঢাকার দোহারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। তবে আগুনের মধ্য থেকেই তারা নিজেদের তিন কন্যাসন্তানকে নিরাপদে বের করে দিতে সক্ষম হন।
শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম।
প্রতিবেশীরা জানান, গভীর রাতে কাঠ ও টিনের তৈরি ছোট্ট ঘরটিতে আগুন লাগলে দম্পতির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় সালাম ও নাসিমা তাদের তিন সন্তানকে ঘর থেকে নিরাপদে বের করে দিলেও নিজেরা আর বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ভোর ৪টা পর্যন্ত সময় লাগে। ততক্ষণে পুরো ঘর পুড়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে নৃশংস হত্যাকাণ্ড, একই পরিবারের পাঁচজন নিহত
নিহত দম্পতির চার সন্তানই মেয়ে এবং তারা সবাই সুস্থ রয়েছে বলে জানা গেছে।
দোহার থানার এসআই সুমন সরকার জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে পুড়ে দুইজন মারা গেছেন। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত চাননি।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

