ভারত-চীন নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান|ছবি: উইকিপিডিয়া

ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারত ও চীন থেকে আমন্ত্রণ পেলেও আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম রাষ্ট্রীয় সফর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে করতে যাচ্ছেন তিনি।

সরকারি ও কূটনৈতিক সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর সফর করতে পারেন তারেক রহমান। সফরের দ্বিতীয় দিনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আমি সব সদস্যরাষ্ট্রের প্রেসিডেন্ট হব: খলিলুর রহমান

সূত্রগুলো বলছে, ভারত ও চীনের মধ্যে চলমান আঞ্চলিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে সরকার। এ কারণে দিল্লি বা বেইজিংয়ের পরিবর্তে তৃতীয় দেশ হিসেবে মালয়েশিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সফরের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত না হলেও অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা খাতে সহযোগিতা গুরুত্ব পাবে বলে জানা গেছে। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

আরও পড়ুন: জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

এর আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ভারত সরকার তারেক রহমানকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিল। তবে কূটনৈতিক ভারসাম্য রক্ষা এবং রাজনৈতিক বিতর্ক এড়ানোর লক্ষ্যেই মালয়েশিয়াকে প্রথম রাষ্ট্রীয় সফরের গন্তব্য হিসেবে নির্বাচন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার তুলে ধরে। সেই বিবেচনায় মালয়েশিয়া সফরকে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!