জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

মন্ত্রিপরিষদ বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ|ছবি: সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনের বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। রবিবার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ পরিপত্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, এর আগে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রটি বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনায় জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে বিভিন্ন দিবস পালনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ ও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দিবস পালনের সময় সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে। রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন: ইউটিউব থেকে ঘরে বসে আয় করবেন যে কৌশলে

পরিপত্র অনুযায়ী, কোনো সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি কোনো কর্মসূচির কারণে যেন দাপ্তরিক কাজে ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে বলা হয়েছে।

যেসব সাধারণ অনুষ্ঠান আয়োজনে নগদ অর্থ কিংবা উপকরণ আকারে কোনো অর্থ বা সম্পদ ব্যয়ের প্রয়োজন হবে না, সেগুলো ছুটির দিন অথবা কর্মদিবসে আয়োজন করা যাবে। একই সঙ্গে কোনো দিবস বা সপ্তাহ পালনের জন্য রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে সরকার। পরিপত্রে বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলোর নিজ নিজ অধিক্ষেত্রে সমধর্মী দিবস পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবসকে অগ্রাধিকার দিয়ে একই তারিখে দিবসগুলো একত্রে পালন করতে হবে।

আরও পড়ুন: স্মার্টফোনের অ্যাপ নিয়মিত আপডেট রাখা জরুরি কেন?

এ বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

পরিপত্রে উল্লিখিত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!