জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে যাবেন
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে যাবেন|ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে যাবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তিনি আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের সদরদপ্তরে এটিই হবে তার প্রথম সফর।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচি চূড়ান্ত হলে আগামী ২১ অথবা ২২ সেপ্টেম্বর তার নিউইয়র্ক পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কমিটি

এ ছাড়া সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী।

সরকারি সূত্র জানায়, তারেক রহমানের সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে কাজ চলছে। সাধারণ পরিষদের অধিবেশনের কার্যক্রম শেষ করেই তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। তবে এর আগে প্রযুক্তিখাতে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কেন্দ্র সিলিকন ভ্যালি সফরের সম্ভাবনাও রয়েছে।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবারের অধিবেশনে সভাপতিত্ব করবেন। আগামী ৭ অথবা ৮ সেপ্টেম্বর তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। দায়িত্ব বুঝে নিতে তিনি সেপ্টেম্বরের শুরুতেই নিউইয়র্কে পৌঁছাবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!