শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কারিগরি শিক্ষা এখন আর বিকল্প কোনো ধারা নয়; এটি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে। তিনি বলেন, দক্ষ জনশক্তি ছাড়া টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। জাপান ও জার্মানির মতো দেশ যেভাবে দক্ষতাভিত্তিক উন্নয়ন অর্জন করেছে, বাংলাদেশকেও সেই পথ অনুসরণ করতে হবে। আমাদের লক্ষ্য শুধু সনদ প্রদান নয়, বরং এমন দক্ষ মানবসম্পদ তৈরি করা, যারা সরাসরি কর্মসংস্থানে যুক্ত হতে পারবে এবং বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় সক্ষম হবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি
শনিবার (১১ এপ্রিল) রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’-এর রাজশাহী আঞ্চলিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, যুবসমাজকে দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদে রূপান্তর করা সরকারের অগ্রাধিকার, আর এই রূপান্তরের মূল মাধ্যম হলো কারিগরি শিক্ষা। তিনি উল্লেখ করেন, স্কিলস কম্পিটিশন শুধু প্রতিযোগিতা নয়; এটি তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম। এ সময় তিনি নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কারিগরি শিক্ষা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। স্বাগত বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফসহ অন্যান্যরা। প্রবন্ধ উপস্থাপন করেন ASSET প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম এবং প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর এস এম তাহমিদ সাদিক।

