জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, ড. খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলবেন। নতুন দায়িত্বে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”
আরও পড়ুন: জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ড. খলিলুর রহমান।
এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। চার দশক পর আবারও একজন বাংলাদেশি এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন।

