লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার বনচৌকি বিওপির আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বাংলাদেশি চোরাকারবারির সঙ্গে খাদেমুল ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়।
আরও পড়ুন: গাজীপুরে নৃশংস হত্যাকাণ্ড, একই পরিবারের পাঁচজন নিহত
গুলিতে খাদেমুলের মুখ, বুক, হাত ও মাথায় আঘাত লাগে। পরে সহযোগীদের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিএসএফ প্রাথমিকভাবে গুলির ঘটনা অস্বীকার করেছে। তবে বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।
এস/এম

