দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী আফরোজা আব্বাসও উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলোআপ চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় যান মির্জা আব্বাস। দেশটির প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তাঁর চিকিৎসা চলছিল।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। পরে চিকিৎসার পরবর্তী ধাপ সম্পন্ন করতে আবারও মালয়েশিয়ায় যান।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরবর্তী সময়ে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় দেড় মাস তাঁর চিকিৎসা চলে। এরপর তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা ও ফলোআপ শেষে দেশে ফিরলেন তিনি।

