জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর বার্তা ‘সবার আগে জনগণের নিরাপত্তা’
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুরে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার বর্ণনা তুলে ধরা হয়। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপ এবং ঘটনাস্থলে অন্যান্য আসামিদের উপস্থিতির ভিডিও ফুটেজের বিষয়ও আদালতে উপস্থাপন করা হয়।
প্রসিকিউশন দাবি করে, মামলায় ২৮ আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তাই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানানো হয়।
অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। তারা যুক্তি দেন, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না।
শুনানি শেষে ট্রাইব্যুনাল ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলায় মোট ২৮ জন আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন চারজন। তারা হলেন— নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
আরও পড়ুন: ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে ‘ধোঁকাবাজি’ চলছে: ছাত্রদল
পলাতকদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আরও কয়েকজন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।
এস/এম

