মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার (৪ জুলাই) মালয়েশিয়ায় মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে আলাল জানান, আগের তুলনায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ২৯ জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী থেরাপি সেশন শেষে মির্জা আব্বাস স্ত্রী আফরোজা আব্বাসকে সঙ্গে নিয়ে উন্মুক্ত পরিবেশে হাঁটাচলা ও হালকা শারীরিক ব্যায়াম করেছেন।
তিনি আরও জানান, মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত ফিজিওথেরাপি, হাঁটাচলা এবং ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর তার অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে পুনর্বাসন ও ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

